চোর সন্দেহে গণপিটুনি দিয়ে যুবককে হত্যা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি – চোর সন্দেহে সাগর মোল্লা (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। খবরপেয়ে নিহতের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার সালতা গ্রামের। নিহত সাগর একই উপজেলার ডুমুরিয়া গ্রামের সিরাজ মোল্লার ছেলে।
নিহতের পিতা সিরাজ মোল্লা অভিযোগ করে বলেন, আমরা কর্মের সুবাদে মাদারীপুরে থাকি। গত ১৪ এপ্রিল (রবিবার) দিবাগত রাতে আমাদের গ্রামের বাড়ি ডুমুরিয়া যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সাগর। পথিমধ্যে সালতা গ্রাম দিয়ে যাওয়ার সময় ওই গ্রামের আসিফ খান, আল আমিন মোল্লা সহ কমপক্ষে ২০ জন চোর সন্দেহে সাগরকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে সাগরকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। টানা দুইদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মারা যায় সাগর। আমরা এ হত্যাকান্ডের বিচার চাই।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৪ এপ্রিল (রবিবার) দিবাগত রাত আনুমানিক একটার দিকে উপজেলার সালতা গ্রামের মজিবর খানের ছেলে আসিফ খানের বাড়িতে প্রবেশ করে সাগর। এসময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করে এবং উত্তেজিত জনতা সাগরকে গণপিটুনি দেয়। পরে রাত সাড়ে তিনটার দিকে গৌরনদী উপজেলা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। টানা দুইদিন চিকিৎসাধীন থাকার পর সে মারা যায়।
গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া বলেন, খবরপেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































